
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবারই আম খাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন বুদ্ধদেব। কিন্তু রাইলস টিউব দিয়ে তাঁর শরীরে খাবার প্রবেশ করানো হচ্ছে। ফলে খাবার শরীরে ঢুকছে ঠিকই, কিন্তু তার স্বাদগ্রহণ করতে পারছেন না।এরই মধ্যে বুধবার রাতে বুকে অস্বস্তি অনুভব করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার পর ইসিজি করানো হয়। যদিও রিপোর্টে চিন্তার কিছু নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। পরে করানো হয় এক্সরে-ও। বৃহস্পতিবার করানো হবে ‘আল্ট্রা সাউন্ড’।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার জানিয়েছেন, বুধবার রাতে হঠাৎই তিনি বুকে অস্বস্তি অনুভব করেছিলেন। এর পর তাঁর ইসিজি করানো হয়। রিপোর্ট বলছে, চিন্তার কিছু নেই। এর পরে বুদ্ধদেবের এক্সরে-ও করানো হয়। সেই রিপোর্টে কিছু অংশ অস্পষ্ট। তা হলে কি বুকে জল জমেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর? গত সোমবার বুদ্ধদেবের বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তা হলে কি শেষ ৪৮ ঘণ্টায় বুকে জল জমল? সে সম্পর্কে নিশ্চিত হতে বৃহস্পতিবার তাঁর আল্ট্রা সাউন্ড করানো হবে। চিকিৎসকদের মতে, বুদ্ধদেব দীর্ঘ দিনের সিওপিডি রোগী। সিওপিডি রোগীদের বুকে অস্বস্তি হতে পারে। তবে এই অস্বস্তির সঙ্গে অন্য কিছু জড়িত কি না, তা-ও খতিয়ে দেখে নিতে চান চিকিৎসকেরা। বৃহস্পতিবার ‘আল্ট্রা সাউন্ড’-এর রিপোর্ট হাতে এলে সে সম্পর্কে জানতে পারা যাবে।
শেষ পাওয়া খবর থেকে জানা গিয়েছে সংক্রমণের প্রকোপ খানিকটা হলেও কাটিয়ে উঠছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এখনও বিরতি দিয়ে দিয়ে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখছেন চিকিৎসকেরা। শরীরে লাগানো নল নিয়ে অবশ্য বরাবরই আপত্তি জানিয়ে এসেছেন বুদ্ধদেব। কিন্তু পরিস্থিতি এমন আসেনি যখন সমস্ত নল তাঁর শরীর থেকে খুলে ফেলা যায়।
