
কলকাতা, ২১ এপ্রিল: রোদের দাপট ও তীব্র তাপপ্রবাহে বিগত কয়েকদিন ধরে দহনজ্বালায় জ্বলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। এই অসহনীয় গরমের অবশেষে স্বস্তির বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টার মধ্যেই আবহাওয়ার আমূল পরিবর্তন হতে পারে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে, রুদ্রতাপ থেকেও মিলবে স্বস্তি। শনিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। নতুন করে তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। বরং কমবে তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে সঙ্গ দেবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তবে, শুক্রবার সকালের দিকেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম বজায় ছিল। চড়া রোদও উঠেছিল সকালের দিকে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আবহাওয়া বদলে গেলে, তাপমাত্রা বাড়ার আর তেমন কোনও সম্ভাবনা নেই। উল্টে কমবে তাপমাত্রা।
