
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ বাঁশদ্রোণীর বটতলা বাজারে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে দমকল। পাঁচটি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছে।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অরূপ বিশ্বাস।
কী ভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখবে দমকল। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নিভিয়ে ফেলা যায়নি।
গুদামের পাশে ঘন জন বসতি রয়েছে, গুদামের আগুন যাতে সেখানে ছড়িয়ে পড়তে না পারে, সে দিকে খেয়াল রাখা হচ্ছে।স্থানীয় সূত্রে যদিও দাবি, আগুন ইতিমধ্যেই আবাসনের দিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। আগুনের তাপে আবাসনের কয়েকটি জানালার কাচও ভেঙে পড়েছে।
