
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গাড়ি পার্কিংয়ের জন্য এ বার থেকে বেশি টাকা গুনতে হবে কলকাতায়। শনিবার থেকেই বৃদ্ধি পেল মহানগরীর পার্কিং ফি। দু’চাকা, চার চাকা থেকে বাস, পণ্যবাহী গাড়ি— সব ক্ষেত্রেই বর্ধিত হারে পার্কিং ফি দিতে হবে। কলকাতা পুরসভার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে পার্কিং ফি বৃদ্ধির প্রস্তাবটি পাশ হয়। সেই মতোই এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হল। এত দিন প্রতি ঘণ্টায় দু’চাকার গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি দিতে হত ৫ টাকা। এখন থেকে প্রথম ২ ঘণ্টার জন্য দিতে হবে ১০ টাকা। ৩ ঘণ্টা রাখলে গুনতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য পার্কিং ফি ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য দিতে হবে ৮০ টাকা। ৫ ঘণ্টা পার হলেই ঘণ্টাপিছু দিতে হবে ৫০ টাকা।
চার চাকার গাড়ির ক্ষেত্রে প্রতি ঘণ্টায় দিতে হত ১০ টাকা। শনিবার থেকে দিতে হবে ২০ টাকা। ২ ঘণ্টার জন্য পার্কিং ফি ৪০ টাকা। ৩ ঘণ্টার জন্য পার্কিং ফি ৮০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ১২০ টাকা। ৫ ঘণ্টা পার হলে পার্কিং ফি ১৬০ টাকা। ৫ ঘণ্টা পার হলে ঘণ্টা পিছু দিতে হবে ১০০ টাকা।
বাস, লরি-সহ পণ্যবাহী গাড়ির ক্ষেত্রেও পার্কিং ফি বৃদ্ধি করা হয়েছে। এত দিন, বাস, লরি পার্কিংয়ের জন্য ২০ টাকা দিতে হত। নতুন ফি কাঠামোয় টাকার অঙ্ক বেড়ে হয়েছে ৪০। ৪ ঘণ্টা পার্কিং করলে দিতে হবে ২৪০ চাকা। ৫ ঘণ্টার বেশি সময় হলেই গুনতে হবে ৩২০ টাকা। ৫ ঘণ্টা সময় পার করলেই ঘণ্টাপিছু দিতে হবে ২০০ টাকা। অতিরিক্ত সময় পার্কিং এলাকায় গাড়ি রাখার প্রবণতা কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে
