
কলকাতা, ২ আগস্ট : নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল কলকাতার উত্তর থেকে দক্ষিণ, স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়লেন মহানগরীর নাগরিকবৃন্দ। এক রাতের টানা বৃষ্টিতে কোথাও গোড়ালি ডোবানো জল, কোথাও আবার জল জমেছে হাঁটির নিচ পর্যন্ত। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। ঢাকুরিয়া ব্রিজ, ঢাকুরিয়া স্টেশন রোড, ঢাকুরিয়া বাজার, জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে। আর এই জল পেরিয়ে যাওয়ার সময়ই মানুষের মনে ফিরছে খোলা ম্যানহোলের ভয় বা খোলা ইলেকট্রিক তার পড়ে থাকার আতঙ্ক।
কোথাও কোথাও বাড়িতেও জল ঢুকেছে। বরাবরের মতো জল জমেছে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বেশ কিছু জায়গায়। তবে এখনও জল জমার পরিস্থিতি কোথাও ভয়াবহ জায়গায় পৌঁছায়নি। রাতভর বৃষ্টির পর বুধবার সকালেও মুখ ভার আকাশের। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে। বৃষ্টি যদি আরও বাড়ে, তাহলে ভোগান্তিও বাড়তে পারে।
