kolkata

3 years ago

Dilip Ghosh: নতুন বছরে নতুন বাংলার গড়ার ডাক দিলীপ ঘোষের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৩১ ডিসেম্বর : নতুন বছরে নতুন বাংলার গড়ার ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে বলেন, যখন তখন পরিবর্তন হতে পারে রাজ্যে।


শনিবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপবাবু বলেন, “গোটা দুনিয়ায় পরিবর্তন হচ্ছে। কোথাও ভাল, কোথাও খারাপ। ভারবর্ষ যেমন এগোচ্ছে, চাইব বাংলাও তেমন এগোক। হাতে হাত মেলাক। নতুন বছরে সমস্ত গ্লানি, হিংসা, দুর্নীতি ভুলে নতুন বাংলা গড়ার শপথ নেব সবাই। আমি আশা করব মানুষ যদি মনে করেন নতুন বাংলা গড়ব সবাই।” একইসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, যে কোনও সময় বদল হতে পারে। দিলীপ ঘোষের কথায়, “পরিবর্তন তো যখন তখন হতে পারে, হবেও। মানুষ সেদিকে তাকিয়ে আছে। গা জোয়ারি, পুলিশ, গুন্ডা, কেস কাছারি দিয়ে মানুষকে বেশিদিন আটকানো যাবে না। এতদিন ১০০ দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে সকলে জানত। লোক ভয়ে বলছিল না। আজ রাস্তায় বেরোচ্ছে মানুষ। চোখে চোখ রেখে বলছে আমরা কিছু পাইনি। ফলে পঞ্চায়েতের নেতারা পদত্যাগ করে পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে কোথায় যাবেন? যা টাকা পয়সা চুরি করেছেন, সব মানুষ কেড়ে নেবে।”


দিলীপবাবুর কথায়, বিজেপি এখানে মানুষকে সুশাসন দেওয়ার জন্য রাজনীতি করছে। বাংলার মানুষকে সেই সুশাসন দিতে বদ্ধপরিকর তাঁরা। দিলীপ ঘোষ বলেন, “কিছু না দিয়ে দেখানোর রাজনীতি চলবে না বেশিদিন। অন্যের কাছ চেয়ে এনে মানুষকে ভিক্ষা দেওয়ায় কী কৃতিত্ব আছে? সারা দেশ এগিয়ে যাচ্ছে, প্রতিটা রাজ্য এগোচ্ছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। খালি ভাষণে শুনি বাংলায় এই হচ্ছে, সেই হচ্ছে। কোথাও কোনও তথ্য প্রমাণ নেই। এ ধরনের নেগেটিভ পলিটিক্স আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। না হলে বাংলার মানুষ সেটা বন্ধ করে দেবেন।”

You might also like!