
হাওড়া, ১০ নভেম্বর : হাওড়ার ফোরশোর রোড সংলগ্ন এলাকায়া গোডাউনে বিধ্বংসী আগুন। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান দাউ দাউ করে জ্বলছে গোডাউন। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গিয়েছে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। পুরোদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে ভিতরে দাহ্য পদার্থ আছে বলে অনুমান করা হচ্ছে, ফলে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৫ টা নাগাদ প্রথম আগুন দেখতে পান তাঁরা। তারপর সেই আগুন ভয়াবহ আকার নেয়। যে জায়গায় আগুন লেগেছে সেখানে পোশাক সহ বেশ কিছু পণ্যের গোডাউন আছে বলে জানা যাচ্ছে। আর ওই সব গুদামের পাশেই রয়েছে একটি পেট্রোল পাম্প। ফলে, আতঙ্ক বেড়েছে কয়েকগুন। ভিতরে দাহ্য পদার্থও রয়েছে অনেক।গুদামের ভিতরেও কেউ আটকে ছিলেন না বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আগুন লাগার কারন এখনও জানা যায়নি।
