
কলকাতা, ৫ অক্টোবর : নিয়োগ দুর্নীতি-সহ বিভিন্ন মামলায় সঠিক তদন্তের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয় রাজ্য সিপিএম। উল্টোডাঙার হাডকো মোড় থেকে মিছিল করে ইডি, সিবিআইয়ের দফতরের সামনে যান সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম প্রমুখ। উপস্থিত হয়েছেন সূর্যকান্ত মিশ্রও। এই মিছিলে হাঁটতে হাঁটতেই কেন্দ্রীয় সংস্থার দিকে কটাক্ষ ছুড়ে দিলেন সুজনবাবু।
বামেদের অভিযোগ, ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি আদালতের নির্দেশ সত্ত্বেও কাজ করছে না। তৃণমূলের ‘দুর্নীতিগ্রস্ত’দের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে না।
সুজনবাবু বলেন, ‘‘ওরা দালালি করছে। কোর্টের নির্দেশ সত্ত্বেও পিসি-ভাইপোর দালালি করা হচ্ছে। আসলে কেন্দ্রের শাসকদল বিজেপির নির্দেশেই কোর্টের নির্দেশ সত্ত্বেও ওরা পিসি, ভাইপোকে সাহায্য করছে। ইডি, সিবিআই যে অপদার্থ, সেটা ওরা প্রমাণ করেছে। ওদের জবাব দেব বলে আমরা এখানে জড়ো হয়েছি।’’
দিল্লিতে তৃণমূলের কর্মসূচিকে ‘নাটক’ বলে ব্যাখ্যা করেছেন সুজনবাবু। তিনি বলেন, ‘‘দিল্লি গিয়ে নাটক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। সবাই তা বুঝে গিয়েছে। ১০ লক্ষ বলে দু’হাজার লোকও ওঁরা নিয়ে যেতে পারেননি। নাটকটা যে হেতু ধরা পড়ে গিয়েছে, আর একটা নতুন নাটক করার জন্য এ বার ওরা রাজভবন যাচ্ছে। রাজ্যপাল নেই জেনেই ওরা ওখানে যাচ্ছে।’’
