
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি : মাধ্যমিক পরীক্ষার দিনই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে তলব করল কলকাতা হাইকোর্ট। নির্দেশ না মানায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ডেকে পাঠানো হয়েছে। বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবারই রামানুজকে সশরীরে হাজিরা দিতে হবে।
১২ বছর ধরে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন পূর্ব মেদিনীপুরের অঞ্জনকুমার খাটুয়া। তিনি একটি চোখে দেখতে পান না। গত মাসে হাইকোর্ট তাঁকে চাকরি দেওয়ার নির্দেশ দেয়। সেইমতো অঞ্জনের সুপারিশপত্র পর্ষদকে পাঠায় এসএসসি। কিন্তু তার পরেও পর্ষদ অঞ্জনকে নিয়োগপত্র দেয়নি বলে অভিযোগ। অঞ্জনের আরও অভিযোগ, পর্ষদের এক অফিসার তাঁর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। ওই অফিসার তাঁকে বলেন, আপনারা কী মনে করেন? যখন তখন নিয়োগপত্র দেওয়া যায় নাকি? অঞ্জনকে বলা হয়, আপনারা মেদিনীপুর থেকে আসেন মামলা করতে। আপনাদের প্রচুর টাকা আছে। এরপরেই অঞ্জন আদালতে গেলে হাইকোর্ট অবমাননার রুল জারি করে। সেই মামলাতেই এদিনই পর্ষদ সভাপতিকে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
