
কলকাতা, ২৯ আগস্ট : যাদবপুরে ছাত্র মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই এবার গুরুদাস কলেজে র্যাগিংয়ের অভিযোগ করলেন এক পড়ুয়া। র্যাগিংয়ে অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের জেনারেল সেক্রেটরি। ইউজিসি-র কাছে সরাসরি নালিশ জানিয়েছেন গুরুদাস কলেজের অভিযোগকারী পড়ুয়া।
এই প্রেক্ষাপটে কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে ইউজিসি। ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসি-র নির্দেশ মেনে রিপোর্ট পাঠানো হচ্ছে, জানিয়েছেন গুরুদাস কলেজের অধ্যক্ষ মৌসুমী চট্টোপাধ্যায়। অভিযোগের নেপথ্যে রাজনৈতিক চক্রান্তের তত্ত্ব খাড়া করেছেন র্যাগিংয়ে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ নেতা। প্রসঙ্গত, সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় র্যাগিং-মুক্ত ক্যাম্পাস গড়ার ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে তিনি বলেছিলেন, 'আমাদের সরকার র্যাগিং-এর হেল্পলাইন চালু করেছে। আমাদের লক্ষ্য র্যাগিং মুক্ত কলেজ-বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগাবোই।মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এরাজ্যে আর কোন পড়ুয়ার প্রাণ যাবে না'।
