kolkata

2 years ago

W B Panchayat Election 2023 : রাজনীতির টানাপোড়েন হাইকোর্টে, বিরক্তি প্রাকাশ করলেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

TS Shivgnanam (File Picture )
TS Shivgnanam (File Picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোট মিটলেও তার রেশ এখনো কাটেনি বাংলায়। পঞ্চায়েত ভোট সংক্রান্ত একের পর এক মামলার পাহাড় জমেছে কলকাতা হাই কোর্টে। সোমবারই এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলে স্বয়ং প্রধান বিচারপতি এ ব্যাপারে বিরক্তি প্রকাশ করলেন। পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে সাধারণ মামলা শোনা যাচ্ছে না বলে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বললেন, ‘‘গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা দায়ের হচ্ছে। পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না।’’

গত ৮ জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে রাজ্যে। তার পর থেকেই একের পর এক পঞ্চায়েত সংক্রান্ত মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। মামলাকারীদের মধ্যে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিও। এঁরা কখনও কেন্দ্রীয় বাহিনী, কখনও ভোটের বুথে নিরাপত্তা, কখনও বা ভোটের দফা বৃদ্ধি আবার কখনও প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া নিয়ে মামলা করেছেন। স্বয়ং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই হয়েছে বহু মামলার শুনানি। কিন্তু ভোট শেষ হলেও মামলা থামেনি। হাই কোর্টে এখন বিরোধীরা মামলা করছেন ভোটের হিংসার অভিযোগের বিচার চেয়ে। তা নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার হাই কোর্টের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত ভোটের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী। তাঁরা দ্রুত শুনানির আর্জি জানালেই বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘পঞ্চায়েত মামলার ভিড়েই অন্য সব মামলা চাপা পরে যাচ্ছে।’’

You might also like!