
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : দিনে গরম রাতে কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া। ঠান্ডা- গরমের এই মিশ্র আবহাওয়াই আপাতত চলবে। এভাবেই চলবে ফেব্রুয়ারি মাসের বাকি কয়েকটি দিনও। তাপমাত্রার বিরাট কিছু পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি কিংবা হ্রাসের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, "ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে। রাতের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে। মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে মার্চে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গের পাঁচটি জেলার মধ্যে দু’টো জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে৷ দার্জিলিং ও কালিম্পং জেলার একটি বা দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।" ঠান্ডা গরমের এই ওঠা নামার কারণে অস্বস্তিতে জনজীবন।
