
কলকাতা, ১৩ জুলাই : বৃহস্পতিবার শহরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের জন্য বাড়বে অস্বস্তি। পাশাপাশি ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেল থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে শুক্রবার রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। যদিও অন্যান্য জেলাগুলিতে এখনই ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে সামান্য।
ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ সেখানের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পঙে হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ও মালদার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হাওয়া বদলের বিশেষ সম্ভাবনা নেই, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।
