kolkata

3 years ago

Bratya Basu on C V Ananda Bose: বিশ্ববিদ্যালয়গুলির নৈতিক আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ইঃ ব্রাত্য বসু

Bratya Basu vs C V Ananda Bose
Bratya Basu vs C V Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত সোমবার থেকে শুরু হয়েছে রাজ্যপাল তথা আচার্য বোসের বিশ্ববিদ্যালয় পরিদর্শন পর্ব। আর তার জেরেই এবার রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষা দফতরের সংঘাত প্রকাশ্যে চলে এল।শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিলেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তিনি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বলে মানেন না। যদিও আইনত এই পদ রাজ্যপালেরই। 

শুক্রবার ব্রাত্য জানিয়ে দিলেন, তাঁর কাছে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নৈতিক আচার্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। যে সিদ্ধান্ত ইতিমধ্যেই ২০২২ সালে বিধানসভায় বিল পাশ করে নেওয়া হয়েছে। তবে রাজভবন থেকে সেই বিল পাশ না হওয়ায় এখনও চূড়ান্ত করা যায়নি।

শুক্রবার দুপুরে রাজভবনের অদূরে বি আর আম্বেডকরের মূর্তিতে মালা দিতে এসেছিলেন ব্রাত্য। সেখানেই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসাবে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাত্য। গত সোমবার থেকেই শুরু হয়েছে রাজ্যপাল তথা আচার্য বোসের বিশ্ববিদ্যালয় পরিদর্শন পর্ব। প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু। তার পর বারাসত বিশ্ববিদ্যালয় হয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন বোস। দেখা করেছেন সেখানকার অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে। এই সব সফরে বিভিন্ন অনুদানের ঘোষণাও করেছেন রাজ্যপাল।অনুদান প্রসঙ্গে  ব্রাত্য প্রশ্ন তুলেছেন, রাজ্যপালের এই সমস্ত পদক্ষেপ নিয়েই। তিনি জানতে চেয়েছেন, ‘‘যে অনুদান উনি ঘোষণা করেছেন, সে তো সরকারি অর্থ। উনি কী ভাবে শিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা না বলে একর পর এক এ ধরনের ঘোষণা করতে পারেন?’’

সূত্রের খবর , তিনি ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছিলেন শিক্ষামন্ত্রী। কিন্তু তার ফোনও ধরেননি রাজ্যপাল। শুক্রবার তাই প্রকাশ্যেই রাজ্যপালকে বার্তা দিয়েছেন ব্রাত্য। 

উল্লেখ্য, ২০২২ সালের জুন মাসে যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য প্রশাসনের সংঘাত চরমে, তখনই বিধানসভায় বিল পাশ করিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার সিদ্ধান্ত নেওয়া হয়।এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক পর্যবেক্ষণ উল্লেখ করে ব্রাত্য বলেন, ‘‘শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে কোনও বিল রাজভবনে দু’সপ্তাহের বেশি থাকতে পারে না। কিন্তু বাংলার রাজ্যপালের কাছে ওই বিল ১০ মাস ধরে পড়ে রয়েছে।’’ এ প্রসঙ্গেই রাজ্যপালের নাম না করে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘‘উনি হয় বিল সই করে দিন, নয়তো আমরা আবার বিধানসভায় পাশ করাব। দরকার হলে দু’বার পাশ করাব।’’

You might also like!