
বারুইপুর, ১০ ডিসেম্বর : রাতের অন্ধকারে বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। বারুইপুর থানার অন্তর্গত বিশালক্ষীতলা সংলগ্ন ১৬ নম্বর ওয়ার্ডের ধপধপি রোডের ঘটনা। শুক্রবার রাতে প্রাক্তন ভূমি রাজস্ব দফতরের আধিকারিক নিকুঞ্জ বিহারী দাসের বাড়িতে বোমাবাজি হয়। মোটর বাইকে চেপে এসে দুই দুষ্কৃতী বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে সঠিক কি কারণে ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে অথবা এর পেছনে কি কারণ রয়েছে সে বিষয়টি এখনও পরিস্কার নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় রাতের খাওয়া দাওয়া সেরে দাস পরিবার ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা বিকট শব্দে চারিদিক কেঁপে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই আরও একটি বিকট শব্দ হয়। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। জানালার কাঁচ ভেঙে পড়ে। ঘরের কিছু জামাকাপড়ে আগুন ধরে যায়। তড়িঘড়ি সেই আগুন নেভানোর চেষ্টা করেন পরিবারের সদস্যরা। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজনও বেড়িয়ে আসেন। প্রথমে বাজি ভেবে ভুল হলেও পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন বোমা ছোড়া হয়েছে। সঙ্গে সঙ্গেই এ বিষয়ে বারুইপুর থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় কে বা কারা জড়িত, সঠিক কি কারণে বোমা ছোড়া হল সেটি সম্পর্কে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সি সি টিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। গোটা ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
