
আসানসোল, ৫ জানুয়ারি : গরু পাচার মামলায় আবারও হল না জামিন। ফের জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। আগামী ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল বিশেষ সিবিআই আদালত। আগামী ১৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।
অনুব্রত মণ্ডলের মত তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে। নতুন করে জেলে গিয়ে জেরার আবেদন করেছেন সিবিআই-এর আইনজীবীরা। বৃহস্পতিবার অনুব্রতর তরফে জামিনের আবেদনই করা হয়নি।
পাশাপাশি অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার শুনানি চলাকালীন সিবিআইকে অনুমতি দিলেন আসানসোলের বিশেষ আদালত। আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশ, সিবিআই আধিকারিকরা চাইলে তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআইয়ের তরফে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে এই অনুমতি দিয়েছে আদালত। একই সঙ্গে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, এই মামলায় চার্জশিট দেওয়ার পর আরও ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষী হিসাবে তাঁদেরও নাম রাখা হয়েছে বলেও আদালতে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ জানুয়ারি।
