
কলকাতা, ১৫ ডিসেম্বর : আদালতে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন ফের খারিজ করে দিল কলকাতা হাইকার্ট।
আগামী ২১ ডিসেম্বর আবার এই মামলার শুনানি। সুবীরেশবাবুর বিরুদ্ধে বর্তমানে কতগুলো মামলা চলছে, তা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে আদালত।
এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয় কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ সিবিআইয়ের কাছে জানতে চান, তদন্ত কোন পর্যায়ে রয়েছে? তদন্ত শেষ হতে আর কতদিন লাগতে পারে? এই তদন্তের জন্য সুবীরেশ ভট্টাচার্যকে হেফাজতে রাখার প্রয়োজন আছে কি? দুর্নীতিতে কী ভূমিকা রয়েছে তাঁর? তাঁর বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন আছে কি না তাও জানিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে সিবিআইকে। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
