
কলকাতা, ১৯ এপ্রিল : দীর্ঘ আইনি লড়াই শেষে হাই কোর্টের নির্দেশে চাকরি পেতে চলেছেন উত্তর ২৪ পরগনার অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, অবিলম্বে নিয়োগ করতে হবে ওই পরীক্ষার্থীকে।
সূত্রের খবর, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। ২০১২ সালে পরীক্ষা হয়। সাক্ষাৎকার হয়েছিল ২০১৪ সালে। ২০২১ সালে প্রকাশিত হয় তালিকা। অম্বিকাদেবী চাকরির বিষয়ে আশাবাদী ছিলেন, কিন্তু তালিকা প্রকাশ্যে আসতে দেখেন নিজের নাম নেই। এর পরই তথ্য জানার অধিকার (আরটিআই) করেন অম্বিকা। দেখা যায় তালিকার শেষের পরীক্ষার্থীর চেয়ে দ্বিগুন নম্বর পেয়েছেন তিনি। এরপরই হাই কোর্টের দারস্থ হন ওই চাকরিপ্রার্থী।
বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে মামলাটি। গোটা বিষয়টা বিবেচনা করে বিচারপতি জানান, অম্বিকা দাশ গঙ্গোপাধ্যায় যোগ্য। সঙ্গে সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় উত্তর ২৪ পরগনার ডিপিএসসি’কে নির্দেশ দেন, যাতে অম্বিকাকে দ্রুত নিয়োগ করা হয়।
আদালতের নির্দেশে অত্যন্ত খুশি ওই চাকরিপ্রার্থী। কতদিনে নিয়োগপত্র হাতে পান, সেই দিকেই তাকিয়ে তিনি। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও চাকরির জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন অনেক প্রার্থী।
