
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেষ কয়েক দিন বার বার খবরের শিরোনামে উঠে এসেছে বিশ্বভারতী ও অমর্ত্য সেন বিতর্ক। বৃহস্পতিবার শান্তিনিকেতন থেকে আমেরিকার উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি এই বিতর্কিত জমি নিয়ে বলেন -"বাবার নামে থাকা জমি উত্তরাধিকার সূত্রে তাঁরই প্রাপ্য। এ নিয়ে কোনও বিতর্কের অবকাশ নেই। যদি কোনও প্রশ্ন থাকে, তবে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে করা হোক।"
জমি বিতর্কের বিষয়টি নিয়ে অমর্ত্যের বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে অমর্ত্যের উদ্দেশে একাধিক বার কটু মন্তব্য করার অভিযোগ উঠেছে। সেই আবহেই বৃহস্পতিবার শান্তিনিকেতনের বাড়ি ‘প্রতীচী’ থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিলেন অমর্ত্য। প্রথমে তিনি পৌঁছবেন মুম্বইয়ে। সেখান থেকে শুক্রবার আমেরিকাগামী বিমান ধরবেন।
উল্লেখ্য, বিশ্বভারতীর সমালোচকদের বুধবার ‘বুড়ো খোকা’ বলে কটাক্ষ করেছিলেন বিদ্যুৎ। তিনি কারও নাম করেননি। তবে নিশানায় যে নোবেলজয়ী অমর্ত্যও ছিলেন, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, ‘‘এখানে অনেক অশিক্ষিত এবং অল্পশিক্ষিত মানুষেরা রয়েছেন, যাঁরা নিজেদের পরিচিতি বাড়ানোর জন্য শব্দবাণের দ্বারা বিশ্বভারতীকে কলুষিত করে যাচ্ছেন। আমি বলি এঁরা বুড়ো খোকা। বুড়ো বয়সে মানুষের ভারসাম্য হয়তো নষ্ট হয়, সেই জন্যই বোধ হয়। কারণ বিশ্বভারতীর কোনও কাজে তাঁদের পাওয়া যায় না। কিন্তু তাঁরা প্রতিনিয়ত বিশ্বভারতীর সমালোচনা করতে উৎসুক।’’
