
কলকাতা, ২৯ ডিসেম্বর : ডিসেম্বরের একেবারে শেষে পৌঁছেও, জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করতে পারছিল না তিলোত্তমা। উল্টে বিগত কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল তাপমাত্রার পারদ, কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। অবশেষে ফের ঢুকছে উত্তুরে হাওয়া, আর তাই একধাক্কায় অনেকটাই পারদ পতন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। ফিরেছে শীতের আমেজ।
আগের দিনই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, বৃহস্পতিবার পারদ নেমে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আগামী ২৪ ঘন্টার মধ্যে অনেকটাই কমতে পারে তাপমাত্রার পারদ, রাতে তাপমাত্রা কমে পৌঁছে যেতে পারে আরও নীচে।
এরইমধ্যে আরও একটি খারাপ খবর হল, আগামী ৩১ ডিসেম্বরের পর পারদ আবার উর্ধ্বমুখী হবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৩১ ডিসেম্বরের পর কয়েক দিন রাতের তাপমাত্রা বাড়বে, দুই থেকে ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে রাতের তাপমাত্রা। ফলে স্বাভাবিকভাবেই নতুন বছরের শুরুতে জমাটি শীত থেকে বঞ্চিত থাকবে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলি। পুনরায় শীত কবে ফিরবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
