
কলকাতা, ২৯ ডিসেম্বর : নববর্ষ উপলক্ষে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী ১ জানুয়ারি অর্থাৎ রবিবার অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ। রবিবার সকাল থেকে ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) মেট্রো পরিষেবা শুরু হবে। শহরের দিকে ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সাধারণত রবিবারে ১৩০টি মেট্রো চলবে তবে ১ জানুয়ারি, ১৮৮টি মেট্রো চলবে। ফলে মেট্রোর শিডিউলে সামান্য পরিবর্তন এসেছে। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের দিকে ছাড়বে সকাল ৯টার পরিবর্তে ৬.৫০ মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো ছাড়বে সকাল ৯ টার পরিবর্তে ৬.৫০ মিনিটে। দমদম থেকে দক্ষিণেশ্বরের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫ মিনিটে । দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে সকাল ৭টায় ছাড়বে।
তবে দিনের শেষ মেট্রো ট্রেনের সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে (গ্রিন লাইন) রবিবার কোনও মেট্রো চলাচল না করলেও ১ জানুয়ারি ৪৪টি মেট্রো চলবে। যাত্রীরা প্রতি ৩০ মিনিটে মেট্রো পরিষেবা পাবেন। গ্রিন লাইনে দিনের প্রথম মেট্রো শিয়ালদহ এবং সেক্টর ৫ থেকে সকাল ৯ টায় এবং শেষ মেট্রো দুটি স্টেশন থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে চলবে।
