
কলকাতা, ২১ ডিসেম্বর : উত্তরপ্রদেশের বারাণসীর মতো কলকাতায় গঙ্গার ঘাটে আরতির ব্যবস্থা করার কথা আগেই জানিয়েছিলেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মতোই তোড়জোড় শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা। এবার বারাণসীতে গঙ্গা আরতির ব্যবস্থা খতিয়ে দেখতে যোগীরাজ্যে উড়ে যাচ্ছেন মেয়র পারিষদ-সহ, পুর কমিশনার-সহ আধিকারিকরা।
কলকাতা পুরসভা সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতার বাজেকদমতলা ঘাটকে বেছে নেওয়া হয়েছে গঙ্গা আরতির জন্য। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং গঙ্গার একাধিক ঘাট পরিদর্শন করে বাজেকদমতলা ঘাটকে বেছে নেন। এই ঘাটে কীভাবে হবে আরতি, ইতিমধ্যে তার স্কেচ তৈরি করা হয়েছে। এবার বারাণসী গিয়ে সেই স্কেচ শেষবারের মতো মিলিয়ে নেবেন কলকাতা পুরসভার কর্তারা। বারাণসীতে গঙ্গা আরতির জন্য যেমন ব্যবস্থা রয়েছে কলকাতায় তার অনুকরণে ঠিক তেমন ব্যবস্থা করা হবে। জানা গিয়েছে কলকাতার বাজেকদমতলা ঘাটে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ১৬টি ইস্পাতের বেদি। সেই ১৬টি বেদির উপর দাঁড়িয়েই হাতে একশো আটটা করে প্রদীপ তুলে নেবেন পুরোহিতরা। আরতির সময় গঙ্গায় থাকবে নৌকাও। সেই নৌকায় চেপে আরতি দেখতে পারবেন আগ্রহীরা।
