
হাওড়া, ৩১ আগস্ট : হাওড়ার বালি থানা এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর এটিএমে একটি ডিভাইস ইনস্টল করে টাকা তোলার জন্য পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
ধৃতের নাম মহম্মদ সাহিল। ৩৪ বছর বয়সী সাহিল কলকাতার তিলজালা থানা এলাকার বাসিন্দা। হাওড়া পুলিশ কমিশনারেটের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ২৫ আগস্ট বালি এসবিআইয়ের ম্যানেজার এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছিলেন। তিনি বলেন, কেও এটিএমের ভিতরে একটি ডিভাইস ঢুকিয়ে রেখেছে, গ্রাহক যখন টাকা তুলছেন তখন তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এটিএম থেকে টাকা বেরিয়ে আসার পরিবর্তে ডিভাইসে আটকে যাচ্ছে টাকা। গ্রাহকরা বিরক্ত হয়ে ফিরে গেলে দুষ্কৃতীরা এটিএমে ঢুকে সেই টাকা নিয়ে চলে যায়। এরপর পুলিশ ফাঁদ পাতে এবং বৃহস্পতিবার এটিএমের ভেতরে কাজ করার সময় মহম্মদ সাহিলকে হাতেনাতে আটক তার অন্যান্য সহযোগীদের খোঁজে তল্লাশি জোরদার করা হয়েছে।
