International

2 years ago

North Korea:উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালালে অবাক হবে না যুক্তরাষ্ট্র

North Korea continues to test one missile after another
North Korea continues to test one missile after another

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর কোরিয়া যদি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তবে যুক্তরাষ্ট্রের প্রশাসন তাতে অবাক হবে না। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গতকাল রোববার এই মন্তব্য করেছেন।

সিবিএস চ্যানেলের জনপ্রিয় টক শো ‘ফেস দ্য নেশন’–এ অংশ নেন জ্যাক সুলিভান। গতকাল রোববার এই অনুষ্ঠান প্রচারিত হয়। এতে তিনি বলেন, ‘বিভিন্ন মার্কিন প্রশাসনের সময় উত্তর কোরিয়ার সপ্তম পারমাণবিক পরীক্ষা নিয়ে উদ্বেগ দেখা গেছে। আমিও এটা নিয়ে উদ্বেগে ভুগেছি।’

জ্যাক সুলিভান আরও বলেন, যদিও নতুন করে পারমাণবিক পরীক্ষার তাৎক্ষণিক লক্ষণ দেখা যাচ্ছে না; তবে উত্তর কোরিয়া যদি নতুন করে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েও ফেলে, তাতে অবাক হবে না ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, কয়েক বছর ধরে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর কাজ এগিয়ে নিচ্ছে পিয়ংইয়ং। আর সাম্প্রতিক সময়ে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এর মধ্য আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

গত বৃহস্পতিবার নতুন আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানিয়েছে পিয়ংইয়ং। হোওসং-১৮ নামের এই ক্ষেপণাস্ত্র জাপান সাগরে ১ হাজার ১ কিলোমিটার বা ৬২২ মাইল উড়ে যেতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ ৬ হাজার ৬৪৮ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এটি। সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এসব তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও পিয়ংইয়ংয়ের সম্পর্কে উত্তেজনার পারদ বেড়েছে। এর মূল কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি।

গত বছর উত্তর কোরিয়া নিজেকে একটি ‘পারমাণবিক শক্তিধর দেশ’ হিসেবে ঘোষণা করে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এরপর তাঁর দেশের সামরিক বাহিনীকে একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য মহড়া জোরদারের নির্দেশ দেন।

উত্তর কোরিয়ার এমন কার্যক্রমের সমালোচনা করেছে জাতিসংঘ, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছে।


You might also like!