
মস্কো, ২৩ জানুয়ারি : চিন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেবে রাশিয়ার যুদ্ধজাহাজ। আগামী ফেব্রুয়ারিতে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, অ্যাডমিরাল গোর্শকভ নামে রুশ ওই যুদ্ধজাহাজটি হাইপারসনিক ক্রুজ অস্ত্রে সজ্জিত থাকবে। রুশ এই যুদ্ধজাহাজটিতে জিরকন ক্ষেপণাস্ত্র রয়েছে। এই অস্ত্র শব্দের চেয়ে নয় গুণ গতিতে উড়ে যেতে পারে। এটি এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে সক্ষম।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনির্দিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন তাস নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ সিরিয়ার তারতুসে লজিস্টিক সাপোর্ট পয়েন্টে যাবে। এরপর সেটি চিন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সাথে যৌথ নৌ মহড়ায় অংশ নেবে।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭-২৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ডারবান ও রিচার্ডস বে বন্দর শহরগুলোর কাছে এই মহড়া চলবে। এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার ফোর্স বলেছে, যৌথ মহড়ার লক্ষ্য হচ্ছে- দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চিনের মধ্যে থাকা সম্পর্ক আরও জোরদার করা।
