
তেহরান, ২ জানুয়ারি : ইরানে হিজাব বিরোধী আন্দোলন অব্যাহত। ইরান সরকার বুঝিয়ে দিল, তারা চরমপন্থী মনোভাব থেকে সরছে না। এবার থেকে গাড়ির ভিতরে থাকলেও মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। অন্যথায় গাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গত তিন মাস ধরে হিজাববিরোধী উত্তাল ইরান। আন্দোলনকে সমর্থন করায় গত ৮ ডিসেম্বর মহসিন শেকারিকে হত্যা করে সে দেশের শাসকরা। এর পরেই ব্যাপক আকার ধারণ করে আন্দোলন। রাজপথে নেমে আসে কাতারে কাতারে মানুষ। হিজাব পুড়িয়ে, চুল কেটে ইসলামের নামে মহিলাদের শিকলবন্দি করার প্রতিবাদ শুরু হয়। উলটে দিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে অমানবিক সিদ্ধান্ত নিতে দেখা যায় ইরান সরকারকে। সরকার বিরোধী আন্দোলনকে সমর্থন করায় ইরানে গ্রেফতার হয়েছেন এক ফুটবলার। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সরকারের হাতে বন্দী অভিনেত্রীও। ৩৮ বছর বয়সি অভিনেত্রী তারনেহ আলিদোস্তিকে আটক করা হয়েছে। ২০১৬ সালের অস্কারজয়ী সিনেমা ‘দ্য সেলসম্যান’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন তারনেহ। সম্প্রতি ওই আন্দোলনকে সমর্থন জানানোয় সরকারের রোষের মুখে পড়েছেন ইরানের মহিলা দাবাড়ু সারা খাদেম। তিনি কার্যত দেশছাড়া।
এর মধ্যেই হিজাব পরায় পুরনো নিয়ম ফেরাল ইরান পুলিশ। ২০২০ সালে আইন করে গাড়ির ভিতরে হিজাব খোলায় অনুমোদন দিয়েছিল সরকার। সেই আইন তুলে নেওয়া হয়েছে। এবার থেকে গাড়ির ভিতরেও হিজাব পরতে হবে। এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে ব্যক্তিগত গাড়ির মালিকদের। পুলিশের তরফে স্পষ্ট করা হয়েছে, নিয়ম না মানলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
