
টোকিও, ১৩ জানুয়ারি : আগামী কয়েক মাসের মধ্যেই ভূমিকম্প ও সুনামিতে ধ্বংস হয়ে যাওয়া ফুকুশিমা পারমাণবিক স্টেশনের দূষিত জল সমুদ্রে ফেলবে জাপান। এই শীত কিংবা আসন্ন গ্রীষ্মে সাগরে এই তেজস্ক্রিয় পানি ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।শুক্রবার জাপান সরকারের উল্লেখ্য করে এমন তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ।
জাপান সরকার জানিয়েছে, সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া ফুকুশিমা পারমাণবিক স্টেশনের দূষিত জল এই শীত কিংবা গ্রীষ্মের যেকোনও সময়ে সমুদ্রে ফেলা হবে।
জাপানের এই পরমাণু কেন্দ্রটি ২০১১ সালের সুনামির পর থেকে বিকল হয়ে যায়। তখন থেকে পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কগুলোতে জল জমে আছে। এই জল নিয়ন্ত্রিতভাবে মুক্ত না করলে পারমাণবিক কেন্দ্রে সমস্যা তৈরি করতে পারে।
ওই সময় সৃষ্ট সুনামি আঘাতে বড় ধরনের ঢেউয়ের সৃষ্টি হয়। এতে পারমাণবিক চুল্লি প্লাবিত হয়ে পড়ে, যা বড় ধরণের বিপর্যয়ের সূত্রপাত ঘটায়। আশেপাশের এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।
বর্তমানে ফুকুশিমার দূষিত জল দেশটির উত্তরপূর্বাঞ্চলে ট্যাংকে সঞ্চিত করে রাখা হয়েছে। সমুদ্রে ফেলার আগে জলে থাকা বিভিন্ন আইসোটোপ দূর করা হবে। তবে ট্রিটিয়াম নামের যে আইসোটোপ জল থেকে আলাদা করা যায় না সেটিকে পাতলা করে বিপজ্জনক মাত্রার নিচে নামান হবে। এরপর সমুদ্রে ফেলা হবে।
উল্লেখ্য, ফুকুশিমার দূষিত জল সমুদ্রে ফেলার বিষয়টি প্রথম ২০২১ সালের এপ্রিলে সামনে আসে। ওই সময় জাপান সরকারের পক্ষ থেকে বলা হয়, চুল্লি ঠান্ডা রাখতে ব্যবহৃত জলের ১০ লাখ টন পর্যায়ক্রমে সাগরে ফেলা হবে।
