
আঙ্কারা, ৬ ফেব্রুয়ারি : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ তুরস্ক। সোমবার ভোরে অনুভূত হয়েছে ৭.৮ তীব্রতার ভূকম্পন। কম্পনের উৎসস্থল দক্ষিণ তুরস্কে, গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৩ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। এর কিছু ক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর মতে, দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ জনের ও ৩৪টি বহুতল ভেঙে পড়েছে।
তীব্র ভূকম্পনের ফলে বাড়ি-ঘর ভেঙে পড়ে । একটি ভিডিও-তে দেখা যায়, প্রাণ বাঁচানোর আশায় স্থানীয় মানুষজন ছোটাছুটি করছেন। দমকল কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। সরকারি সূত্রের খবর, ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ফলে ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে। শুধুমাত্র তুরস্কের ওসমানিয়ে প্রদেশে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
