International

3 years ago

Donald Trump : ক্যাপিটল হিল দাঙ্গায় ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়েরের নির্দেশ, সরব প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ২০ ডিসেম্বর: ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়েরের নির্দেশ দিয়েছে এই ঘটনায় তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেশনাল কমিটি। এদিকে এই ঘটনার দায় কোনওভাবেই মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গা সংক্রান্ত সমস্ত অভিযোগ নস্যাৎ করে ট্রাম্পের অভিযোগ, তিনি যাতে ২০২৪ সালের নির্বাচনে লড়তে না পারেন সেই জন্যই এইসব অভিযোগ করা হচ্ছে।

প্রসঙ্গত, সদ্যই আমেরিকায় মিডটার্ম নির্বাচন সমাপ্ত হয়েছে। আর এই নির্বাচনের পরেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রার্থী হতে চান। আর এই আবহে ক্যাপিটল হিলে দাঙ্গা নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের পরামর্শ শাসক দলের তাঁকে নির্বাচন থেকে দূরে রাখার কৌশল বলেই অভিযোগ ট্রাম্পের। এই অভিযোগের পাশাপাশি তিনি আবারও এই দাবি করেছেন যে ২০২০ সালের নির্বাচনে তিনিই জিতেছিলেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘৬ জানুয়ারির ঘটনার তদন্তে নিযুক্ত নিয়োজিত অনির্বাচিত কমিটি অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তারা ভুয়ো অভিযোগ জমা দিচ্ছে। তারা সরানোর জন্য প্রতারণা করছে।’ তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে এই মামলা করার গোটা বিষয়টিই সরিয়ে দেওয়ার মত- আমাকে এবং রিপাবলিকান পার্টিকে পাশ কাটিয়ে দেওয়ার একটি পক্ষপাতদুষ্ট চেষ্টা মাত্র।’

প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনের ফলাফলে মান্যতা দিতে ইলেক্টোরাল কলেজদের নিয়ে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছিল। তারিখটা ছিল ২০২১ সালের ৬ জানুয়ারি। সেদিনই ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। সেই হামলার ছবি, ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রবলভাবে ঘুরে বেড়ায়। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, মার্কিন কংগ্রেসের দরজা ভেঙে ভিতরে ঢুকে যাচ্ছেন ট্রাম্প সমর্থকরা। অভিযোগের তির যায় ট্রাম্পের দিকেই। বলা হয় ট্রাম্পের মদতেই এই হামলা চালিয়েছিল তাঁর সমর্থকরা। শুধু তাই নয়, ক্যাপিটল হিল হামলার নথি নষ্ট করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। তবে সব অভিযোগই নাকচ করে দিয়েছেন তিনি।

You might also like!