
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বিকেলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের জন্য তারলাহোরের বাড়ি ঘিরে ফেলেছে বিশাল পুলিশবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে বাড়ির আশপাশের সমস্ত রাস্তা। বাড়ির সামনে অবস্থানে বসা পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও শুরু হয়েছে।
প্রসঙ্গত, এক মহিলা বিচারক এবং দুই পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে সোমবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক রানা মুজাহিদ রহিম। তিনি ইমরানকে গ্রেফতারের সময়সীমা দিয়েছিলেন ২৯ মার্চ। কিন্তু পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বাড়তি সময় দিতে রাজি নয় পুলিশ।
গত ৫ মার্চ তোষাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরেও ইমরানকে ধরতে তাঁর লাহোরের বাড়িতে পুলিশি অভিযান হয়েছিল। কিন্তু তাঁর নাগাল পাওয়া যায়নি। পরে হাই কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল। এর পর গত বৃহস্পিতবার সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। কিন্তু শুক্রবার বালুচিস্তান হাই কোর্ট ওই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়।
