Game

3 years ago

IPL 2023: ভিডিয়ো-স্পেশাল ক্লাসে অর্জুন তেন্ডুলকরকে টিপস রোহিতের

IPL 2023jhk,
IPL 2023jhk,

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর সহ দলের তরুণদের সঙ্গে আলোচনা করতে দেখা গেল। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। শনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ। আর তার আগে তরুণ ক্রিকেটারদের ক্লাস নিলেন রোহিত। সেই ক্লাসে ছিলেন অর্জুন। অবশ্য অর্জুনকে চুপ করে দাঁড়িয়ে অধিনায়কের কথা শুনতে দেখা গিয়েছে সেই ভিডিওটিতে।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে আট উইকেটে হেরে পাঁচবারের চ্যাম্পিয়নরা তাদের মরশুম শুরু করেছে। এই নিয়ে তারা ১১তম মরশুম প্রথম ম্যাচ হেরে শুরু করল। সে যাই হোক না কেন, লম্বা টুর্নামেন্ট হওয়ার ফলে, সেই সব নিয়ে একেবারেই ভাবছে না তারা। চেন্নাইয়ের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই। গত ম্যাচে নতুন ক্রিকেটারদের দলে নেন রোহিতরা। চেন্নাইয়ের বিরুদ্ধেও তরুণদের উপর ভরসা রাখতে চলেছেন তারা, তা বলার অপেক্ষা রাখে না। আর সেই জন্যই বিশেষ ক্লাস। আর এই তরুণদের মধ্যে রোহিত বিশেষ নজর দেন অর্জুনের উপর। ম্যানেজমেন্ট অর্জুন তেন্ডুলকরের উপর তীক্ষ্ণ নজর রাখছে। অর্জুন এখনও আইপিএলে আত্মপ্রকাশ করেননি। তবে মুম্বইয়ের জন্য এই মরশুমে তিনি আইপিএলে অভিষেক করতে পারেন বলে মনে করা হচ্ছে।

মরশুম শুরু করার আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা অর্জুনের সম্পর্কে বলে যান, 'সম্প্রতি অর্জুন তেন্ডুলকর ভালো ক্রিকেট খেলছে। ওর চোট আঘাতের সমস্যা ছিল। কিন্তু তার থেকে সেরে উঠেছে। এর মধ্যেই বোলিং শুরু করবে।'

অর্জুন যে এই বছরই তাঁর আইপিএল অভিষেক ঘটাতে চলেছেন তা কোচের কথাতেও প্রকাশ পেয়েছে। অধিনায়ক রোহিত শর্মার সুরে প্রধান কোচ মার্ক বউচার বলেন, 'অর্জুন ভালো ক্রিকেট খেলছে। ও ভালো বোলিং করছে। ওকে এই বছরে প্রথম একাদশে খেলানোর কথা ভাবছি।'

২০২১ সালে থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। দুই বছরের বেশি সময় ধরে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে থাকলেও তাঁর অভিষেক ঘটেনি। তবে এই বছর তাঁর অপেক্ষার অবসান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। মুম্বইয়ের এই বোলার বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছেন। বাবা সচিন তেন্ডুলকর হওয়ায় তাঁর ওপর চাপ তো আছেই। আইপিএলে অভিষেক ঘটলে এখন দেখার সেই চাপ কাটিয়ে কতটা সফল হতে পারেন অর্জুন।


You might also like!