Game

3 years ago

Special Stand for Dhoni : কেন ধোনির নামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসন সংরক্ষণ?

Special Stand for Dhoni in Waremkhere
Special Stand for Dhoni in Waremkhere

 

মুম্বই, ৬ এপ্রিল : ২০১১ সালে ২ এপ্রিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লং-অনে নুয়ান কুলশেখরার বলে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন মাহি। ধোনিকে সম্মান জানাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি আসনকে তাঁর নামে সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। কোনও ক্রিকেটারের ছয়ের স্মারক হিসেবে আসন সংরক্ষণের মতো ঘটনা ভারতীয় ক্রিকেটে এই প্রথম বার ঘটছে।

সেদিক থেকে ধোনি ইতিহাস গড়তে চলেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইতিমধ্যেই শচিন তেন্ডুলকর, সুনীল গাভাসকার, বিজয় মার্চেন্ট স্ট্যান্ড রয়েছে। গেট রয়েছে পলি উমড়িগড়, বিনু মানকড়ের নামে। এ বার সেই তালিকায় ঢুকে গেল ধোনির নাম। ভারতের প্রাক্তন অধিনায়কের নামে হতে চলেছে ওয়াংখেড়ের আসন সংরক্ষণ। মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অমল কালে বলেছেন, ‘‌ধোনির নামে ওয়াংখেড়েতে একটি আসন সংরক্ষণ করা হবে। কুলশেখরাকে মারা ছয়টা ঠিক যেখানে এসে পড়েছিল, সেই আসনটি ধোনির নামে সংরক্ষণ করা হবে। আমরা ধোনিকে অনুরোধ করব, উদ্বোধনের দিন তাঁকে হাজির থাকার জন্য।’‌

আগামী ৮ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ রয়েছে। ওই ম্যাচের দিনই হয়তো স্মারকটির উদ্বোধন করা হবে।

প্রসঙ্গত, ভারতে কোনও ক্রিকেটারের নামে আসন সংরক্ষনের বিষয়টি প্রথম হলেও গোটা বিশ্বে এমন দৃষ্টান্ত বহু আছে।

১৯৯৩ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিউ সাউথ ওয়েলসের বিরুদ্ধে ভিক্টোরিয়ার হয়ে সাইমন ও’ডোনেলের ১২২ মিটার ছক্কার স্মারক হিসেবে গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের একটি আসনকে হলুদ রং করা হয়েছে।

২০১৮ সালে আবার মেলবোর্নের ইতিহাদ স্টেডিয়াম বিগ ব্যাশ লিগের ফ্র্যাঞ্চাইজি মেলবোর্ন রেনেগেডসের ব্র্যাড হজকে সম্মান জানাতে একটি আসন লাল রং করা হয়েছিল। অকল্যান্ডের ইডেন পার্কে নিউজিল্যান্ড ক্রিকেট প্রাক্তন অলরাউন্ডার গ্র্যান্ড এলিয়টকে সম্মান জানাতে তাঁর নামে একটি আসনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে।

You might also like!