
কলকাতা, ১৫ জুন : বিশ্বকাপের শুরুতেই এশিয়ার দেশ জাপান দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করল। বিশ্বকাপের রোমাঞ্চকর এই লড়াইয়ে দু'বার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ডাচদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এশিয়ান জায়ান্টরা। অন্যদিকে, দেশের হয়ে বড় টুর্নামেন্টে প্রথম গোলের পাশাপাশি এক অনন্য রেকর্ড গড়েছেন ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। ৫১ মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। দেশের হয়ে বড় টুর্নামেন্টে এটিই ফন ডাইকের প্রথম গোল। তবে ডাচদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় জাপান। ৫৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। ৬৪ মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে নেদারল্যান্ডস আবারও এগিয়ে যায় ২-১এ।
ডাচরা যখন জয় নিয়ে মাঠ ছাড়বে ভাবা হচ্ছিল, ঠিক তখনই আঘাত হানে জাপান। ৮৯ মিনিটে দুর্দান্ত এক গোল করে জাপানের সমতা ফেরান কোকি ওগাওয়া। এতে জয়ের স্বপ্ন দেখা ডাচরা শেষ মুহূর্তে থমকে যায়। শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। ম্যাচে ব্যক্তিগত এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ডাচ অধিনায়ক ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। ২০২৫-২৬ মরসুমে ক্লাব (৫৫) ও জাতীয় দল (১১) মিলিয়ে এটি ছিল তার ৬৬তম ম্যাচ। শুধু তাই নয়, ৬৬টি ম্যাচের প্রতিটিতেই তিনি শুরুর একাদশে ছিলেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মরসুমে এটিই সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
