
নয়াদিল্লি, ২৯ অক্টোবর : দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। কেজরিওয়ালকে আক্রমণ করে অনুরাগ বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল হলেন নৈরাজ্যের প্রতীক। অর্থনীতির হাল ফেরাতে ভারতীয় নোটে দেবী লক্ষ্মী-ভগবান গণেশের ছবি ছাপার অনুরোধ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরই প্রেক্ষিতে শনিবার অনুরাগ বলেছেন, "যারা রাম মন্দিরের বিরোধিতা করেছিল, হিন্দু দেব-দেবীদের অপমান করেছিল, নিজেদের একজন মন্ত্রীকে বরখাস্ত করতে হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল হলেন নৈরাজ্যের প্রতীক। তাঁর দুর্নীতি যাতে আলোচিত না হয়, সেজন্য নতুন নতুন প্রচার চালাচ্ছেন। শনিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর বলেছেন, "আপনি (দিল্লির মুখ্যমন্ত্রী) দিল্লির মুসলিম ধর্মগুরুদের প্রতি বছরে ১৮ হাজার টাকা করে দেন। তাহলে বলুন, আপনি কী পুরোহিত, গুরুদ্বার গ্রন্থি এবং যাজকদের একইভাবে ১৮ হাজার টাকা দেবেন? কেন এমনটা আপনি করেননি? কংগ্রেসকে আক্রমণ করে অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, "আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এনেছি এবং জ্বালানির দাম কমিয়েছি। বিজেপি শাসিত রাজ্যে দাম কমলেও কংগ্রেস শাসিত রাজ্যে তা কমেনি। কংগ্রেস কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি দিয়েছিল। তাঁরা পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ে তা করতে পারেনি। তাঁরা শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়।"
