
গুয়াহাটি, ৩ নভেম্বর : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জিয়ন করে আসছে। বর্তমান আর্থিক বর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৮,৩১৭টি পণ্যবাহী রেক আনলোড করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১০.১৩ শতাংশ। ২০২১-এর অক্টোবর মাসের ১১৭৬টি রেকের তুলনায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ২০২২-এর অক্টোবর মাসে ১২১৮টি পণ্যবাহী রেক আনলোড করেছে, এভাবেই স্থির মাসিক বৃদ্ধি পঞ্জিয়ন করা হয়েছে।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় এই তথ্য দিয়ে জানান, এনএফ রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাংক, কনটেইনারের মতো পণ্য ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
অক্টোবরের মধ্যে অসমে ৬৭৩টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩২৯টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১১১টি রেক, নাগাল্যান্ডে ২৫টি রেক, মণিপুরে ৮টি রেক, অরুণাচল প্রদেশে ৬টি রেক ও মিজোরামে ৮টি রেক আনলোড করা হয়। এছাড়া, সংশ্লিষ্ট মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২২৪টি পণ্য রেক ও বিহারে ১৬৩টি পণ্য রেক আনলোড করা হয়েছে।
বর্ধিত রক্ষণাবেক্ষণের প্রচেষ্টার ফলে উন্নত টার্মিনাল হ্যান্ডলিং ব্যবস্থা ও চলাচলের ক্ষেত্রে উন্নতি সাধন ঘটেছে এবং সমস্ত স্তরে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করার ফলে টার্নঅ্যারাউন্ড সময় হ্রাসের পাশাপাশি আনলোডিং বৃদ্ধি হয়েছে।
