
নয়াদিল্লি, ৪ নভেম্বর : দিল্লির তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সীমা এবং একীকরণের প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল দিল্লি রাজ্য নির্বাচন কমিশন। দিল্লির ২৫০টি পৌরসভার ওয়ার্ডের জন্য ভোটগ্রহণ ৪ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে এবং ফলাফল ৭ ডিসেম্বর বুধবার প্রকাশিত হবে।
শুক্রবার দিল্লি রাজ্য নির্বাচন কমিশনার বিজয় দেব এক সাংবাদিক সম্মেলনে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেন। তিনি বলেন, তিনটি পৌর কর্পোরেশনকে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন করে আমরা খুব অল্প সময়ের মধ্যে সীমানা নির্ধারণ ও নির্বাচন পরিচালনার কাজ শেষ করতে পেরেছি।
তিনি বলেন, সীমানা নির্ধারণের পর এখন দিল্লিতে ২৫০টি ওয়ার্ড হবে। এর মধ্যে ৪২টি তফসিলি জাতির জন্য সংরক্ষিত থাকবে। সব আসনের অর্ধেক মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর মানে হল ১০৪টি সাধারণ এবং ২১টি তফসিলি জাতি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
তিনি আরও বলেন, দিল্লিতে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে ৯ নভেম্বর থেকে এবং ১৪ নভেম্বর পর্যন্ত। ৬৮টি জায়গায় সকাল ১০:০০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নাম প্রত্যাহার করতে পারবেন। ৪ ডিসেম্বর রবিবার ভোটগ্রহণ এবং ৭ ডিসেম্বর ভোট গণনা হবে।
সীমানা সম্পর্কে তথ্য দিয়ে বিজয় দেব বলেন, দিল্লিতে ৭০টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে ৬৮টি আসন দিল্লি ক্যান্টনমেন্ট এবং নয়াদিল্লি ছাড়া দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে আসে। আসন ও সংরক্ষিত আসন নির্ধারণ করা হয়েছে ২০১১ সালের জনসংখ্যার ভিত্তিতে। এবারের নির্বাচনে ১৩ হাজার ৬৬৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে। প্রায় ৫৫,০০০ ইভিএম মেশিন ব্যবহার করা হবে। নির্বাচনে প্রায় এক লাখ কর্মচারী নিয়োগ করা হবে।
