Cyclone Arnab: 'অর্ণব' প্রভাবিত ৪ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা অমিত শাহের, সবরকম সহায়তার আশ্বাস

HM Amit Shah
HM Amit Shah

 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর : উপকূলবর্তী এলাকায় তীব্র ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর তাণ্ডব ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উদ্ধারকাজের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত ধরনের সহায়তার পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাবে উদ্ভূত সংকটজনক পরিস্থিতি নিয়ে তিনি অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, ওড়িশা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশদ আলোচনা করেছেন। সাধারণ মানুষের দুর্দশা কমাতে কেন্দ্র যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত, সে কথাও তিনি সংশ্লিষ্ট রাজ্যগুলির নেতৃত্বকে আশ্বস্ত করেছেন।

অমিত শাহ আরও জানান, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির বিপর্যয় মোকাবিলা বাহিনী পুরোদমে মাঠে নেমেছে। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে। ঝড়ে ভেঙে পড়া গাছ, বিদ্যুতের খুঁটি সরানো এবং আটকে পড়া মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে।

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করতে কেন্দ্র দ্রুত পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতির গভীরতা খতিয়ে দেখে পরবর্তী আর্থিক ও পরিকাঠামোগত সহায়তা চূড়ান্ত করতে খুব শীঘ্রই উপদ্রুত এলাকাগুলিতে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল পাঠানো হবে। তিনি জোর দিয়ে বলেন, "দুর্যোগের এই মুহূর্তে ভারত সরকার দেশের প্রতিটি নাগরিকের পাশে অটল সংকল্প নিয়ে দাঁড়িয়ে রয়েছে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…