Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Cooking

9 months ago

Winter snack: শীতের সন্ধ্যায় নিরামিষ স্ন্যাকসে নতুনত্ব, বাঁধাকপির রোলেই ভরসা

Cabbage Rolls
Cabbage Rolls

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীত এলেই সন্ধ্যার খাওয়াদাওয়ায় একটু ভিন্ন স্বাদের খোঁজ শুরু হয়। চা বা কফির সঙ্গে হালকা কিছু মুখরোচক না হলে যেন জমেই না আড্ডা। বাঁধাকপি দিয়ে রান্না করা যায়—এ কথা সকলেরই জানা। তরকারি থেকে শুরু করে চপ, কাটলেট—পদের সংখ্যা অগণিত। তার মধ্যেই বাঁধাকপির রোল নতুন কিছু নয়। তবে মাংস বা চিংড়ির পুর ছাড়াও যে এই রোল সমান সুস্বাদু হতে পারে, তা অনেকেরই অজানা। শীতের মরসুমি সব্জিকে কাজে লাগিয়ে আদ্যোপান্ত নিরামিষ একটি স্ন্যাকস বানাতে চাইলে বাঁধাকপির রোল হতে পারে আদর্শ সমাধান। স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি স্বাদেও কোনও আপস নেই। বিশেষ করে সন্ধ্যার জলখাবারে বা অতিথি আপ্যায়নে এই পদ সহজেই নজর কাড়তে পারে।


উপকরণ (১০টি রোল বানানোর জন্য যা প্রয়োজন)—

১টি টাটকা বড় বাঁধাকপি

২টি টম্যাটো

৪-৫টি কাঁচালঙ্কা

১ টেবিল চামচ ধনেপাতাকুচি

পরিমাণ মত‌ো সর্ষের তেল

১ চা চামচ ভাজামশলা (জিরে, পাঁচফোড়ন, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া)

৫টি পনির (আমিষ খেতে চাইলে চিংড়ি মাছ/ চিকেন কিমা দিতে পারেন)

ময়দা

কর্নফ্লাওয়ার

হলুদগুঁড়ো

বেকিং পাউডার

স্বাদমতো নুন

প্রণালী—

প্রথমে রোলের পুর বানিয়ে নিতে হবে। পনির টুকরো করে গ্রেট করে নিন। কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে তাতে অল্প কালোজিরে (নিরামিষ না চাইলে কেউ পেঁয়াজকুচিও দিতে পারেন) ফোড়ন দিন। তার উপর পনির ঢেলে দিন। সঙ্গে সঙ্গেই টম্যাটোকুচি, কাঁচালঙ্কাকুচি, ধনেপাতাকুচি, ভাজামশলা দিয়ে দিন। সামান্য হলুদগুঁড়ো, নুন এবং চিনিও মিশিয়ে দিতে হবে। ঢিমে আঁচে রেখে কষাতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে গ্যাস নিভিয়ে দিন। তৈরি হয়ে গেল মাখা মাখা পুর। পনিরের বদলে আলু সেদ্ধ করেও ভিতরে পুর হিসেবে ব্যবহার করা যেতে পারে। চিংড়ি মাছ দিতে চাইলে হালকা ভেজে নিয়ে তার পর বেটে নিতে হবে পুরের জন্য।

দ্বিতীয় ধাপে রোলের মোড়ক বা রোল শিট প্রস্তুত করতে হবে। একটি বড় পাত্রে গরম জল ঢেলে তাতে নুন মিশিয়ে নিন। এ দিকে বাঁধাকপির বাইরের দু’টি পাতা ফেলে দিয়ে একটি একটি করে পাতা ছাড়িয়ে নিয়ে নুন-জলে ভিজিয়ে রেখে দিন। যতগুলি রোল বানাবেন, ততগুলি পাতা ছা়ড়িয়ে নিন। ৫ মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। মোড়াতে গিয়ে যাতে পাতাগুলি ছিঁড়ে না যায়, তার জন্য এই ধাপটি প্রয়োজনীয়। জল থেকে তুলে পাতাগুলির জল ঝরিয়ে নিন। এ বার এক একটি পাতা বিছিয়ে তার এক প্রান্তে পুর দিয়ে ধীরে ধীরে মুড়িয়ে নিন। একটি বড় থালায় রোলগুলি সাজিয়ে রেখে দিন।

তৃতীয় ধাপে ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দা, অল্প কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, নুন দিয়ে মেখে নিতে হবে শুকনো করে। তার পর ধীরে ধীরে ধাপে ধাপে জল দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। তা খুব ঘনও হবে না, খুব পাতলাও নয়। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে দিন ব্যাটারটি।

এ বার কড়াইয়ে এক হাতা তেল গরম করতে দিন। কড়াইয়ে চারপাশে হাতা দিয়ে তেল মাখিয়ে নিন। একটি একটি করে রোল নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দিন। রোলের মোড়কের শেষ প্রান্তটি কড়াইয়ে নীচের দিকে রাখতে হবে। দেখবেন, বেকিং পাউডারের দৌলতে পাতাগুলি ফুলে ফেঁপে উঠবে। ঢিমে আঁচে ভাজতে থাকুন এক এক করে। ঝাঁজরি দিয়ে উল্টে উল্টে ভেজে নিন রোলগুলি। পরিবেশনের জন্য গাজরের মতো শীতকালীন সব্জি, শসা, পেঁয়াজ কুচি করে পাশে ছড়িয়ে দেওয়া যায়। অল্প টম্যাটো সস ঘরে বানিয়ে ছড়িয়েও দিতে পারেন উপরে। এমন গরম গরম ধোঁয়া ওঠা ভাজার সঙ্গে এক কাপ চা বা কফি হলে শীতের সন্ধ্যায় জমজমাট পেটপুজো হতে পারে।

You might also like!