
আহমেদাবাদ, ৫ অক্টোবর : আজ ক্রিকেট বিশ্বকাপ শুরু। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গতবারের ফাইনালের রিপ্লে। কারণ, এই ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড। গতবার ফাইনালে সুপার ওভারেও টাই হওয়ার পর ম্যাচের মীমাংসা হয়েছিল কে কত বাউন্ডারি মেরেছিল সেই নিরিখে। প্রথমবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আবার মুখোমুখি গতবারের বিশ্বকাপের ফাইনালের দুই দল। আজকের ম্যাচ খেলতে নামার আগে দুই শিবিরেই রয়েছে চোট আঘাত। আঙুলের অস্ত্রোপচারের পর বিশ্বকাপ স্কোয়াডে থাকার পরও বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে নির্ভরযোগ্য পেস বোলার টিম সাউদিন নেই। কারণ তিনি এখনও ফিট হননি। আর অন্যদিকে, প্রথম ম্যাচে দলে থাকছেন না উইলিয়ামসন। প্রথম ম্যাচে তাকে বিশ্রাম দিচ্ছেন নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট বড় সফরের কথা ভেবে। উইলিয়ামসনের পরিবর্তে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।
নিউজিল্যান্ডের মতো চোটমুক্ত নয় ইংল্যান্ড শিবিরও। জানা গেছে, বিশ্বকাপের প্রথম ম্যাচেই হয়তো খেলতে পারবেন না বেন স্টোকস। তাঁরও কিছুটা চোট রয়েছে বলে জানা গেছে। স্টোকসের পরিবর্তে হ্যারি ব্রুককে আজ খেলানো হতে পারে। এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের খেতাব রক্ষার লড়াই। এবার কেমন খেলবে ইংল্যান্ড তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তবে ভারতের মাঠের পরিবেশ ইংল্যান্ডের কাছে একটু পরিচিত। কারন, ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল তারা। তাছাড়া জস বাটলার , জনি বেয়ারস্টো, মঈন আলির মতো ক্রিকেটাররা আইপিএলে খেলে গেছেন। তাই এবারও ভাল পারফরম্যান্সের স্বপ্ন দেখছে ইংল্যান্ড।
অন্যদিকে, উইলিয়ামসন ও সাউদির মত দুই গুরুত্বপূর্ণ খেলোয়াকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়তে হবে কিউয়িদের। গতবার একটুর জন্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে না পারার জন্য তারা এখনো হতাশ। অধিনায়ক ল্যাথাম বলেছেন, 'ভারতে বিশ্বকাপ খেলাটা স্পেশ্যাল। আমরা বিনোদন দিতে চাই। সেটা পারলে আর নিজেদের মেলে ধরতে পারলে ফল আমাদের পক্ষেই হবে।'
