
লন্ডন, ১৩ জুলাই : রবিবার ক্রুজ হিউইটকে ৪-৬, ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে উইম্বলডনের ছেলেদের শিরোপা জেতা দ্বিতীয় কোয়ালিফায়ার হয়েছেন আমেরিকান জর্ডান লি। ২০১৪ সালে উইম্বলডনে নোয়া রুবিনের জয়ের পর লি-ই প্রথম কোয়ালিফায়ার যিনি ছেলেদের যেকোনো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট জিতলেন। “ট্রফি নিয়ে এখানে দাঁড়ানোটা আমার জন্য অনেক বড় ব্যাপার, কারণ খুব কম লোকই জানে যে গত দেড় বছর ধরে আমি নানা ধরনের চোটের সঙ্গে লড়াই করে আমি কীভাবে এখানে এসেছি,” কোর্টের ভেতরে এক সাক্ষাৎকারে লি বলেন। ১৭ বছর বয়সী হিউইট হলেন ২০০২ সালের উইম্বলডন পুরুষ চ্যাম্পিয়ন লেটন হিউইটের ছেলে , যিনি এদিন ১ নম্বর কোর্টের গ্যালারিতে উপস্থিত ছিলেন। ২০২১ সালে সমীর ব্যানার্জির পর লি হলেন প্রথম আমেরিকান খেলোয়াড় যিনি এখানে ছেলেদের একক শিরোপা জিতলেন।
