Game

2 years ago

The Boxing Day Test: লিফটে আটকে আম্পায়ার! বন্ধ থাকল বক্সিং ডে টেস্ট

Australia vs Pakistan Boxing Day Test match (File Picture)
Australia vs Pakistan Boxing Day Test match (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান বক্সিং ডে টেস্ট ম্যাচের তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়ায় ম্যাচ বন্ধ রাখতে হল খানিকক্ষণ।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট ম্যাচের তৃতীয় দিন, মধ্যাহ্নভোজের বিরতির পর দুই দলের ক্রিকেটারেরা তখন মাঠে নেমে পড়েছেন। দুপুর ১.২৫-এ শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় সেশনের খেলা। কিন্তু খেলা থামিয়ে রাখেন মাঠের দুই আম্পায়ার। কারণ, তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থ লিফটে আটকে পড়েন। নিজের জায়গায় ফিরতে পারেননি তিনি।

ম্যাচ শুরু হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন ক্রিজে অপরাজিত অস্ট্রেলিয়ার দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। দ্বিতীয় ইনিংসে তখন বেশ চাপে অস্ট্রেলিয়া। মাত্র ৬ রানে পড়ে গিয়েছে ২ উইকেট। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে মাত্র ৬০ রানের লিড। কড়া পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন ওয়ার্নার ও স্মিথ - দলের দুই পোড়খাওয়া তারকা। কিন্তু দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে দেরি হয় অভিনব কারণে।

ধারাভাষ্যকার মাইকেল ভন বলেন, “অদ্ভুত কারণে খেলা বন্ধ হওয়ার ব্যাপারে ক্রিকেট বরাবর প্রথম স্থানেই থাকবে।” সহ-ধারাভাষ্যকার ওয়াসিম আক্রমও তাতে সম্মতি দেন। জানান, এই ঘটনা অতীতে কোনও দিন তিনি দেখেননি। এর পরেই দু’জনে হাসিতে ফেটে পড়েন। ভন বলেন, “আপনারা কখনও এ রকম অদ্ভুত কারণে খেলা বন্ধ হতে দেখেছেন?” আক্রম মাথা নাড়িয়ে না বলেন।

তারপর চতুর্থ আম্পায়ার ফিল গিলেসপি দৌড়ে তৃতীয় আম্পায়ারের বক্সে যান। যাতে ম্যাচ শুরু করা যেতে পারে। খানিক পরে সেখানে এসে দায়িত্ব বুঝে নেন ইলিংওয়ার্থ। তাঁকে তখন রীতিমতো বিধ্বস্ত দেখাচ্ছে। তবে নিজের চেয়ারে বসার সময় টিভি ক্যামেরা তাঁকে ধরতেই হাত নেড়ে সকলকে অভিবাদন জানান ইলিংওয়ার্থ।


You might also like!