
নিয়ন, ১৬ ফেব্রুয়ারি: ইউরোপীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে দামি স্কোয়াড গড়ে রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ভেঙে গেছে রিয়াল মাদ্রিদের গড়া ২০২০ সালের রেকর্ড। এছাড়া সর্বশেষ হিসাবে ১০০ কোটি ইউরোর দামি দলের তালিকায় উঠে এসেছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। উয়েফা ফাইন্যান্সের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
উয়েফার প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৩ অর্থবছর শেষ হওয়ার সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড স্কোয়াডের দাম ছিল ১৪২ কোটি ২০ লক্ষ ইউরো। সবচেয়ে দামি স্কোয়াডের আগের রেকর্ডটি ছিল রিয়াল মাদ্রিদের। ২০২০ সালে স্প্যানিশ পরাশক্তিদের স্কোয়াডের দাম ছিল ১৩২ কোটি ইউরো। তবে ইউরোপের সবচেয়ে দামি দল নিয়েও মরসুমটা ভালো যায়নি ম্যান ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে এরিক টেন হাগের দল ২০২২–২৩ মরসুম শেষ করেছিল তৃতীয় হয়ে। ২০২৩ সালে ট্রেবল জেতার সময় সিটি স্কোয়াডের মোট দাম ছিল ১২৮ কোটি ৬০ লক্ষ ইউরো। একই সময়ে লিগে ১২তম হওয়া চেলসি স্কোয়াডের দাম ছিল ১০৮ কোটি ৪০ লক্ষ ইউরো। দামি স্কোয়াডের তালিকায় তিন ইংলিশ ক্লাবের পর চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ (১০৩ কোটি ১০ লক্ষ)।
