
মাদ্রিদ, ৭ মার্চ : প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতের লিগ ম্যাচে সেল্তা ভিগোর বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ। টানা দুই হারের হতাশা পেছনে ফেলে শুরুতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অহেলিয়া চুয়ামেনি রিয়ালকে এগিয়ে দেন। সেল্তা ভিগো জবাব দিতে বেশি দেরি করেনি। প্রথমার্ধেই সমতা টানেন বোর্হা ইগলেসিয়াস। পয়েন্ট হারানোর দুয়ারে যখন আলভারো আরবেলোয়ার দল, তখনই নাটকীয়তা। শেষ মুহূর্তে ভাগ্যের ছোঁয়ায় গোল পেল মাদ্রিদের দলটি। ৯০ মিনিট পেরিয়ে পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেদে ভালভের্দের গোল গড়ে দেয় ব্যবধান। তার শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে বল যায় গোলে। এই জয়ের পর ২৭ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। আর এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সিলোনা। ২৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সেল্তা ভিগো।
