
নয়া দিল্লি ,২৮ মে : বুধবার রাতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বিস্ফোরক ব্যাটিংয়ে অসাধারণ এক ইনিংস উপহার দিলেন ভারতের বিস্ময়বালক সূর্যবংশী। আর তার সুবাদে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখল রাজস্থান রয়্যালস। ম্যাচে রিয়ান পারাগের দল জয় পেল ৪৭ রানে। নিউ চণ্ডীগড়ে বুধবার ২০ ওভারে রাজস্থান করে ২৪৩ রান। প্রাথমিক পর্বে রাজস্থানের ২২৮ রান টপকে জিতেছিল হায়দরাবাদ। এবার লড়াই জমাতেই পারেনি তারা, চার বল বাকি থাকতে অলআউট হয় ১৯৬ রানে। রেকর্ডময় ইনিংসে ম্যাচের নায়ক সূর্যবংশী। ১২ ছক্কা ও পাঁচ চারে ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলে সব আলো কেড়ে নেন বাঁ-হাতি এই ওপেনার। আইপিএলের এক আসরে সর্বোচ্চ ছক্কা, প্লে-অফে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ব্যাটসম্যানদের মধ্যে এক আসরে সর্বোচ্চ রানসহ আরও বেশ কিছু রেকর্ড এ নাম লেখান তিনি।
সংক্ষিপ্ত স্কোর বোর্ড:
রাজস্থান রয়্যালস: ২৪৩/৮ (বৈভব ৯৭, জুরেল ৫০, প্রফুল্ল ৩/৫৪)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৯৬ (নীতীশ ৩৮, সলিল ৩৫, জফ্রা ৩/৫৮)
৪৭ রানে জয়ী রাজস্থান।
