
কলকাতা, ২৭ সেপ্টেম্বর : আইএসএলের প্রথম ম্যাচে মোহনবাগান জিতেছে এবারের আইএসএল-এ অভিষেক হওয়া পাঞ্জাবের কাছে ৩-১ গোলে। আর আইএসএলের উদ্বোধনী ম্যাচেই হার হয়েছে বেঙ্গালুরুর। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নিজেদের ভুলেই ডুবেছে তারা। কেরালা ব্লাস্টার্স ২-১ গোলে জিতেছিল। আজ মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘ। তবে এ বার ভিন্ন মেরুতে দু-দল।
এবার বেঙ্গালুরুর স্কোয়াডে বেশির ভাগই নতুন ফুটবলার। দলটা তৈরি করতে সময় লাগছে। আর প্রতিপক্ষ মোহনবাগান সেট টিম। বলতে গেলে গত বারের দলটাকেই ধরে রেখেছে তারা। সঙ্গে যোগ হয়েছেন দেশি-বিদেশি আরো কয়েকজন ভালো ফুটবলার।সুতরাং সবুজ মেরুন এখন যথেষ্ট শক্তিশালী। আইএসএলে শুরুর ম্যাচে ভালো পারফরমেন্সে দেখিয়েছে মোহনবাগান। তাতে যথেষ্ট খুশি হওয়ার কথা মোহনবাগান কোচের। কিন্তু তিনি খুশি নন। হুয়ান ফেরান্দোর প্রত্যাশা আরও অনেক বেশি। তার প্রত্যাশা দলটাকে আরও নিখুঁত ভাবে তৈরি করা। মরসুমের দ্বিতীয় ম্যাচে নামার আগে হুয়ান বলছেন, ‘এখনও অনেক উন্নতি প্রয়োজন। দলের ছেলেদের পরিশ্রম সফল হয়েছে। ওরা খুবই পরিশ্রম করছে। মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
