
ম্যানচেস্টার, ২৫ ফেব্রুয়ারি: ফোডেনের গোলে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লিগ ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে ১-০ গোলে জিতে লিভারপুলের সঙ্গে ব্যবধান কমাল পেপ গুয়ার্দিওলার দল। লিভারপুলের চেয়ে এখন কেবল ১ পয়েন্টে পিছিয়ে আছে শিরোপাধারীরা।
ম্যাচের ২৪-তম মিনিটে হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক, সেই বল পেয়ে অনায়াসে গোল করেন ফোডেন। এবারের লিগে এই ইংলিশ মিডফিল্ডারের গোল হলো ৯টি, সব প্রতিযোগিতা মিলিয়ে মরসুমে ১৬টি। ২৬ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে সিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। আর ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। ২৬ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
