
জেদ্দাহ, ২০ ডিসেম্বর : উরাওয়া রেড ডায়মন্ডসকে অনায়াসে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল পেপ গুয়ার্দিওলার দল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের শুরুতে প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে খুবই দেরি হয়েছে ম্যানচেস্টার সিটির। তবে ডেডলক খুলে যাওয়ার পরই আর ম্যানচেস্টারকে আটকাতে পারেনি উরাওয়া রেড ডায়মন্ডস।
প্রথম গোল আছে আত্মঘাতী থেকে। এরপর বাকি দুটি গোল করেন মাতেও কোভাচিচ ও বের্নার্দো সিলভা। সোমবার প্রথম সেমি-ফাইনালে মিশরের ক্লাব আল আহলিকে হারিয়ে ফাইনালে গেছে ব্রাজিলের দল ফ্লুমিনেন্সে। এই মাঠেই আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়নণ ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি।
