
কলকাতা, ১৮ এপ্রিল : লগ্নিকারী সংস্থার সঙ্গে বিবাদে জড়াল মহামেডান স্পোর্টিং ক্লাব। পরিস্থিতি এতটাই খারাপ যে ইনভেস্টর বাঙ্কারহিলের সঙ্গে এবার সম্পর্ক ছিন্ন করতে চাইছে সাদা-কালো ব্রিগেড। অথচ একটা সময় এই সংস্থার আশার পরেই সুদিন ফিরেছিল রেড রোডের এই ক্লাবের।
গন্ডগোলের সূত্রপাত ক্লাবের শেয়ার নিয়ে। গত বছর থেকেই এই সংঘাত দেখা দেয় উভয়পক্ষের কর্তাদের মধ্যে। লগ্নিকারী সংস্থার সঙ্গে প্রথমে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তাতে পঞ্চাশ শতাংশ শেয়ার বাঙ্কারহিলের ও বাকি পঞ্চাশ শতাংশ ক্লাব কর্তাদের কাছে রাখার উল্লেখ করা হয়। পরবর্তীতে দলের আইএসএল খেলার পাশাপাশি দলের উন্নতির মতো বিষয় গুলিকে উল্লেখ করে আর এক শতাংশ শেয়ার বৃদ্ধি করার কথা জানানো হয় ক্লাবের তরফে। যারফলে, তা গিয়ে দাঁড়ায় ৫১ শতাংশে। এখান থেকেই ঝামেলার সূত্রপাত।
আসলে ক্লাবের কতৃত্ব হারানোর সংশয়ের জেরেই নাকি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না প্রাক্তন কর্তারা। যা দেখে অখুশি ছিলেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং। তবে আলোচনা করে গোটা বিষয়টিকে মেটানোর পরিকল্পনা থাকলেও সময় যত এগিয়েছে ততই তিক্ততা তৈরি হয়েছে ইনভেস্টরদের সঙ্গে। যারফলে এবার বিচ্ছেদ পথে এই সম্পর্ক। যদিও এখনো পর্যন্ত ঘোষনা করা হয়নি কারোর পক্ষ থেকে।
