Game

3 years ago

Zinadine Zidane: জিদান বিতর্কে উত্তাল ফরাসি ফুটবল

Zinadine Zidane
Zinadine Zidane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফরাসি ফুটবলের উজ্জ্বলতম ব্যক্তিত্ব জিনেদান জিদান।১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর তিনিই।  কাতার বিশ্বকাপের পরে জিদানের ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ছিল বলে দাবি করেছিল ফরাসি সংবাদমাধ্যম। তবে তেমন কিছুই হয়নি। দিদিয়ে দেশঁ-র উপরেই শেষ পর্যন্ত আস্থা রাখলেন ফরাসি ফুটবল সংস্থার কর্তারা। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই কোচের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে। তবে জিদানকে কোচ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল সংস্থাও। 

প্রসঙ্গত, যখন কোচ বাছাই পর্ব চলছিল তখন ফরাসি ফুটবল সংস্থার প্রধান নোয়েল লে গ্রায়েত বলেন- ‘‘জ়িদান ব্রাজিলের কোচ হবেন? হলেও আমার কিছু আসে–যায় না। ওঁর যা ইচ্ছে করতে পারেন। যেখানে ইচ্ছে যেতে পারেন। এটা আমার ভাবার বিষয় নয়। ওঁর সঙ্গে কখনওই আমার এই বিষয়ে আলোচনা হয়নি। অন্তত ও আমাকে ফোন করলে সেটা ধরব না।’’ তিনি আরও বলেন, ‘‘দেশঁ-র সঙ্গে বিচ্ছেদের কথা আমরা ভাবিনিওনি। আমি জানি না, এগিয়ে যাওয়া বলতে কী বোঝানো হচ্ছে। হ্যাঁ, ফ্রান্সের কোচ হওয়ার দৌড়ে জ়িদান ছিলেন। ওঁর প্রচুর সমর্থকও রয়েছেন। কেউ কেউ তো অপেক্ষা করেছেন দেশঁ কত দ্রুত চলে যাবেন তার জন্য। কিন্তু ওঁকে দোষারোপ করার জায়গা কোথায়?’’ 

এহেন মন্তব্যে বেজায় নারাজ কিলিয়ান এমবাপে। ফরাসি তারকা গণমাধ্যমে লিখেছেন,‘‘জ়িদান মানেই ফ্রান্স। ওঁর মতো কিংবদন্তিকে এ ভাবে আমরা অপমান করতে পারি না।’’ উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও এমন অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এমন এক ব্যক্তিত্বকে উদ্দেশ্য করে এই মন্তব্য করা হয়েছে, যিনি বিশ্ব ফুটবলের এক অনন্য চরিত্র। এমন মন্তব্যের মাধ্যমে তাঁকে অসম্মান করা হয়েছে।’’ 

পরিস্থিতি বেসামাল দেখে সোমবার পাল্টা বিবৃতি দিয়েছেন গ্রায়েতও। তিনি বলেছেন, ‘‘স্বীকার করছি আমি ঠিক কথা বলিনি। তবে যে ভাবে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, তাতে আমার সঙ্গে জিদানের তিক্ততা তৈরি করার চেষ্টা করা হয়েছে। ফ্রান্সের সমস্ত মানুষের মতো আমিও তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করি।’’ গ্রায়েত আরো বলেন, ‘‘আমি জিদান সম্পর্কে যে মনোভাব পোষণ করি, সেটা হয়তো আমার বিবৃতিতে প্রতিফলিত হয়নি। তার জন্য নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি।’’  


You might also like!