
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। কিছুদিন আগে রাজনৈতিক ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা। এবার আঘাতে আক্রান্ত হয়েছেন মাথিশা পাথিরানা। সোমবার অস্ট্রেলিয়া সঙ্গে ম্যাচ চলাকালীন আহত হয়েছেন শ্রীলংকার পেস বোলার পাথিরানা। ম্যাচে মাত্র এক ওভার বোলিংয়ের পরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ফিজিওর সহায়তায় মাঠ ছাড়েন।
জানা গেছে, ‘বেবি মালিঙ্গা’ খ্যাত লঙ্কান পেসার পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়েছেন। আইপিএল ২০২৬-এর নিলামে ১৮ কোটি টাকাতে তাকে দলে নিয়েছিল নাইট রাইডার্স। সর্বশেষ খবরে জানা গেছে, লম্বা সময়ের জন্যই ছিটকে গেছেন পাথিরানা। ২০২৪ আসরে কলকাতার শিরোপা জয়ে তিনি ১৯ উইকেট নিয়েছিলেন। গত মরসুমে নেন ১৫ উইকেট। আগামী মার্চে আইপিএলের পরবর্তী আসর শুরু হওয়ার কথা। শক্তিশালী পেস আক্রমণ ছাড়া হয়তো ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের সুবিধাও নিতে পারবে না নাইটরা।
